আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে উপনির্বাচনের আগেই বড়সড় প্রশাসনিক রদবদল। নন্দীগ্রাম থানার আইসি পদ থেকে শুভব্রত নাথকে সরিয়ে সিআইডিতে পাঠানো হয়েছে।
তাঁর জায়গায় ব্যারাকপুর থেকে অজয় মিশ্রকে নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার আগে প্রথমেই থানা চত্বরে থাকা কালী মন্দিরে পুজো দেন নন্দীগ্রামের নতুন আইসি।
এরপরেই থানায় প্রবেশ করেন তিনি। নন্দীগ্রামে আসার পথে রেয়াপাড়া শিব মন্দিরেও পুজো দিতে দেখা যায় তাঁকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে বিপুল মার্জিনে হারিয়ে নন্দীগ্রাম জেতেন শুভেন্দু। তবে তিনি রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন ভবানীপুর থেকেই। ফলে, নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ছ’মাসের মধ্যেই উপনির্বাচন হওয়ার কথা। তার আগেই এই আইসি বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তবে নন্দীগ্রামের সঙ্গে অজয় মিশ্রর সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে একাধিকবার তিনি নন্দীগ্রাম থানায় বিভিন্ন দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে নন্দীগ্রাম থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পরে ২০১৭ সালে থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭-১৮ সালেও তাঁর পোস্টিং ছিল নন্দীগ্রামে। এছাড়াও ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী অশান্তির সময় কিছু সময়ের জন্য নন্দীগ্রামে পোস্টিং হয়েছিল অজয় মিশ্রর।
সেই সময় তিনি পুলিশ অবজার্ভারের দায়িত্বেও ছিলেন। চলতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ইলেকশন ডিউটিতে নন্দীগ্রামে এসেছিলেন তিনি। আর এবার নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব নিলেন অজয় মিশ্র।















