আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে গণপ্রহারের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহাদেবনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কারিম শেখ (২৮)। তাঁর বাড়ি মহাদেবনগর গ্রামে। গুরুতর আহত অবস্থায় কারিমকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে -শনিবার ভোররাতে মহাদেবনগর গ্রামের বাসিন্দা কারিম শেখ পাশের পাড়া গোপালনগরে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। বাড়ির মালিকের চিৎকারে আশেপাশের লোকজন এসে কারিম শেখকে প্রচন্ড মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতাল থেকে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে -দুই সন্তানের বাবা কারিম শেখ রাজমিস্ত্রি এবং দিনমজুরের কাজ করতেন। শনিবার ভোর রাতে নিজের বাড়ি ছেড়ে তিনি কেন গোপালনগরে গিয়েছিলেন তা পরিবারের লোকেরা জানেন না বলে জানিয়েছে। অন্যদিকে গোপালনগর গ্রামের কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন -সম্প্রতি ওই এলাকায় হঠাৎ করে এই চুরির ঘটনা বেড়ে গেছে। ভোররাতে কারিম একটি বাড়িতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর এলাকাবাসীর রাগ তাঁর উপর গিয়ে পড়ে এবং কারিমকে ব্যাপক মারধর করা হয়।
মৃতের এক আত্মীয় দাবি করেন- কারিম কোনওভাবেই চুরির ঘটনার সাথে যুক্ত ছিলেন না। এলাকাবাসী কেবলমাত্র সন্দেহের বশে তাঁকে মারধর করে মেরে ফেলেছেন। তাঁর পরিবারকে দেখার এখন কেউ নেই। দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
















