আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের ভাতার থানার গর্দানমারি গ্রামে অজানা সাপের কামড়ে এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়েকে সাপে কামড়ানোর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মা পাকু হেমব্রম (৩৫) এবং ছোট মেয়ে রিয়া হেমব্রম (৭)-এর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় বড় মেয়ে অনুপ্রিয়া হেমব্রম বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে পাকু হেমব্রম তাঁর দুই মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময়ই একটি বিষধর সাপ ঘরে ঢুকে তিনজনকেই কামড়ায়।

কিছুক্ষণ পর থেকেই তিনজনের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা পাকু হেমব্রমকে মৃত ঘোষণা করেন। ভর্তি হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় পাকুর সাত বছরের মেয়ে রিয়া হেমব্রমের। অন্যদিকে বড় মেয়ে অনুপ্রিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

গ্রামবাসীদের দাবি, সম্ভবত কালাচ সাপের কামড়েই এই ঘটনা ঘটেছে। তাঁদের কথায়, আক্রান্তদের শরীরে স্পষ্ট কামড়ের কোনও চিহ্ন পাওয়া যায়নি, যা কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। তবে কোন প্রজাতির সাপের কামড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পাকু হেমব্রমের স্বামী সাধন হেমব্রম কর্মসূত্রে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়।

মা ও ছোট মেয়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থা এলাকায় সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।