আজকাল ওয়েবডেস্ক: ভোটের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য মহিলা সংগঠনে রদবদল করল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন রাজ্য সভানেত্রী নিযুক্ত হলেন বিধায়ক আলিফা আহমেদ। শুক্রবার, ১২ জুন দলের তরফে একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দলীয় সূত্রে খবর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সই করা ওই নিয়োগপত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ‘অবিলম্বে’ কার্যকর হবে।
আলিফাকে নতুন দায়িত্বের শুভেচ্ছা জানিয়ে চন্দ্রিমা লিখেছেন, দলের সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করে তুলতে তিনি কোনও খামতি রাখবেন না বলেই শীর্ষ নেতৃত্ব আশাবাদী।
ইতিমধ্যেই এই নিয়োগপত্রটি হাতে পেয়েছেন আলিফা আহমেদ। রাজনৈতিক মহলের মতে, আসন্ন দিনগুলিতে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ককে আরও সুসংগঠিত করতেই দলের এই নতুন চাল। আলিফার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে দলের অন্দরে ও মহিলা সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।















