আজকাল ওয়েবডেস্ক: ইজরাইলে তৈরি হবে চাকলা মন্দিরের আদলে বাবা লোকনাথের মন্দির! চাকলা ধামে এসে ইজরাইলি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই মন্দির তৈরীর কথা জানালেন। ফলে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলা ধাম থেকে এবার বাবা লোকনাথের মাহাত্ম্য ছড়িয়ে পড়তে পারে পশ্চিম এশিয়ার দেশ ইজরাইলেও। 

রবিবার চাকলা লোকনাথ মন্দিরে এসে এমনই ইঙ্গিত দিলেন ইজরাইলের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেনদি সাফাদি। তিনি জানান, ইজরাইলে বাবা লোকনাথের একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকী সেই বিষয়ে চাকলা মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদনও জানানো হয়েছে। 

মন্দির সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশের বারদী এবং আমেরিকায় বাবা লোকনাথের মন্দির থাকলেও এবার ইজরাইলেও সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবটি নিয়ে মন্দির কমিটির সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হলেও প্রাথমিকভাবে এই উদ্যোগে আপত্তির কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চাকলা মন্দিরের সেবায়েত বাবিন হাজরা। 

রবিবার চাকলা ধামে পৌঁছলে ইজরাইলি প্রতিনিধিকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় বাবা লোকনাথের একটি ছবি। এদিন মন্দিরে বিশেষ পুজোও দেন তিনি। গর্ভগৃহে প্রবেশ করে বাবা লোকনাথের আশীর্বাদ গ্রহণ করেন এবং মন্দিরের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নেন। 

মন্দির কর্তৃপক্ষের দাবি, বাবা লোকনাথের ভক্তি ও মাহাত্ম্য বহু বছর আগেই রাজ্য ও দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে ইজরাইলের মতো দেশে মন্দির গড়ে উঠলে আরও বেশি মানুষের কাছে বাবা লোকনাথের আদর্শ ও দর্শন পৌঁছে যাবে। 

সূত্রের খবর, ভবিষ্যতে মন্দির নির্মাণের অনুমোদন মিললে চাকলা ধাম থেকেই বিশেষভাবে নির্মিত হবে বাবা লোকনাথের মূর্তি। একইসঙ্গে চাকলা ধামের পবিত্র মাটি ইজরাইলে নিয়ে যাওয়া হতে পারে। নতুন মন্দিরটি চাকলা লোকনাথ মন্দিরের আদলে নির্মিত হবে কি না, সে বিষয়েও আলোচনা চলছে। 

ইজরাইল থেকে এমন প্রস্তাব আসায় চাকলা এলাকার বাসিন্দা ও অসংখ্য লোকনাথ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে চাকলা ধামের পরিচিতি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বাবা লোকনাথের বাণী।