আজকাল ওয়েবডেস্ক: ইরান বনাম ইজরাইল,আমেরিকা যুদ্ধের প্রভাব পড়েছে এই রাজ্যেও। পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দিরে। সতীর ৫১ পীঠের এক পিঠ এই বর্গভীমা। প্রতিদিন ভোগ হয় দেবীর এবং পুণ্যার্থীদের বিলি করা হয় সেই ভোগ। বহু বছর ধরে এই প্রথাই চালু। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের আর মিলবে না মায়ের ভোগ। যারা বুকিং করেছেন তাঁদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সঙ্কটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবেন মন্দির কর্তৃপক্ষ।

হতাশ ভক্তরা জানিয়েছেন, “আমরা অনেক আশা নিয়ে অনেক দূরদুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি। যদি ভোগ না পাই তবে নিরাশ হয়ে বাড়ি যাব। তাই দ্রুত রান্নার গ্যাস সঙ্কটের সমাধান করে আমাদের জন্য ভোগের ব্যবস্থা করা হোক।” সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন অনেক ভক্ত।

রান্নার গ্যাসের আকাল রাজ্যের নানা জায়গায় দেখা দিতে শুরু করেছে। রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, ১০-১২ দিন আগে গ্যাস বুক করেও পাচ্ছেন না। রামপুরহাট মেডিক্যাল কলেজেও গ্যাসের আকাল দেখা দিয়েছে। গ্যাসের আকাল চলতে থাকলে বন্ধ হয়ে যাবে রান্না, দাবি ক্যান্টিন কর্তৃপক্ষের। সিউড়ি হাসপাতালেও দেখা দিয়েছে রান্নার গ্যাসের আকাল। বেআইনি গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবারই এলপিজির আকাল নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, কেন্দ্রের ভুল সিদ্ধান্তে ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরও আগে থেকে বোঝা উচিত ছিল। এলপিজির আকালের জন্য কেন্দ্রের দায়সারা মনোভাবকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার সঙ্কট মোকাবিলায় নবান্নে বৈঠক ডেকেছেন মমতা।