কিছুদিন আগেই বাংলায় প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা। তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ বাংলায় ঘুরে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই জল্পনা বাড়ছিল। রবিবার পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন বাংলা ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পদুচেরির ভোটের নির্ঘন্টও ঘোষণা করবে কমিশন।নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে সরাসরি সাংবাদিক বৈঠকে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
১৫ মার্চ ২০২৬ ১৮ : ১৭
ভোট ঘোষণা করছেন ঠিক আছে, কিন্তু আগে বৈধ ভোটারদের তালিকা: কুণাল ঘোষ
বাংলায় ২৩ এবং ২৯ এপ্রিল দু'দফায় হবে বিধানসভা ভোট। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, ভোট ঘোষণা করছেন করুন। কিন্তু যত দ্রুত সম্ভব বৈধ ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে।
১৫ মার্চ ২০২৬ ১৭ : ৩৯
'মে মাসের দ্বিতীয় সপ্তাহে মানুষ নতুন সরকার দেখবে', চ্যালেঞ্জ ছুঁড়লেন শমীক
ভোট ঘোষণা হতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। জানালেন, 'নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মানুষ নতুন সরকার দেখবে।'
১৫ মার্চ ২০২৬ ১৭ : ৩০
ছয় রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ছাড়া ছ'টি রাজ্যে উপনির্বাচন রয়েছে। গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডে একটি করে আসন এবং কর্ণাটক ও মহারাষ্ট্রে দু’টি করে আসনে উপনির্বাচন হবে। কমিশন জানাল, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্ণাটকে উপনির্বাচন হবে ৯ এপ্রিল। মহারাষ্ট্র এবং গুজরাটে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল।
১৫ মার্চ ২০২৬ ১৭ : ২৭
আট দফা থেকে দু'দফায় ভোট কেন? কারণ জানালেন জ্ঞানেশ কুমার
গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিল। এবার দু’দফা কেন? জ্ঞানেশ কুমার জানালেন, “কমিশনের মতে দফা কমানো প্রয়োজন। রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা হয়েছে। সকলের সুবিধা হবে, সেই ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
১৫ মার্চ ২০২৬ ১৭ : ১৯
শশী পাঁজার বাড়িতে হামলা নিয়ে মুখ খুলল কমিশন
নরেন্দ্র মোদির সভার দিনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিন সেই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার বলেন, আজ থেকে আদর্শ আচরণবিধি শুরু হল। এবার এরকম কোনও ঘটনা ঘটলে কমিশন ব্যবস্থা নেবে।
১৫ মার্চ ২০২৬ ১৭ : ০২
কোন জেলায় কোন দফায় ভোট? কলকাতায় কবে জেনে নিন
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে প্রথম দফা অর্থাৎ ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া হুগলিতে ভোট ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ৫৯
আজ থেকেই শুরু আদর্শ আচরণবিধি
বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ থেকেই শুরু হয়ে গেল মডেল কোড অফ কন্ডাক্ট। জানালেন, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ৫৪
বাংলার কোন জেলায় কোন দফায় ভোট? দেখে নিন
বাংলায় দু'দফায় নির্বাচন হবে। কোন জেলায় কোন দফাতে ভোট হবে দেখে নিন।

১৫ মার্চ ২০২৬ ১৬ : ৫০
পুদুচেরি, তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট, ফল ঘোষণা ৪ মে
পুদুচেরি এবং তামিলনাড়ুতেও এক দফাতেই হবে ভোট। আগামী ৯ এপ্রিল পুদুচেরি এবং ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট হবে। দুই রাজ্যেই ফল ঘোষণা হবে ৪ মে।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ৪১
কেরলেও এক দফায় হবে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের
কেরলেও এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন। আগামী ৯ এপ্রিল বিধানসভা ভোট হবে কেরলে। ফল ঘোষণা অন্যান্য রাজ্যের সঙ্গেই ৪ মে।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ৩৯
অসমে এক দফায় নির্বাচন, ঘোষণা কমিশনের
বাংলা ছাড়াও এবার অসমেও বিধানসভা নির্বাচন হচ্ছে। জ্ঞানেশ কুমার জানালেন, ৯ এপ্রিল অসমে এক দফাতেই নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ৪ মে।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ৩৬
বাংলায় মনোনয়ন জমার শেষ দিন কবে? জানাল কমিশন
প্রথম দফার নির্বাচনের গেজেট নোটিফিকেশনের শেষ দিন ৩০ মার্চ। দ্বিতীয় দফার গেজেট নোটিফিকেশনের ২ এপ্রিল। প্রথম এবং দ্বিতীয় দফার নমিনেশন জমার শেষ দিন যথাক্রমে ৬ এপ্রিল এবং ৯ এপ্রিল। প্রথম এবং দ্বিতীয় দফার নমিনেশন স্ক্রুটিনির শেষ দিন যথাক্রমে ৭ এপ্রিল এবং ১০ এপ্রিল।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ২৯
বাংলায় দু'দফায় ভোট, ফলাফল ৪ মে
বাংলায় দু'দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ দফা এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট। ফল ঘোষণা হবে ৪ মে।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ২৪
নির্বাচনে কত আধিকারিক মোতায়েন করা হবে? জানালেন জ্ঞানেশ কুমার
মোট ১৫ লক্ষ পোলিং পার্সোনেল, ৮.৫ লক্ষ নিরাপত্তা রক্ষী, ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১৪৪৪ অবজার্ভার, ৪০ লক্ষ কাউন্ডিং অফিশিয়াল, ২১ হাজার সিকিউরিটি অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজার্ভার থাকবেন।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ২০
কোন রাজ্যে কত ভোটার? জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার
কোন রাজ্যে কত ভোটার জানাল নির্বাচন কমিশন। বাংলায় মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। অসমে মোট ভোটার ২ কোটি ৫০ লক্ষ, কেরলে ২ কোটি ৭০ লক্ষ, পুদুচেরিতে ৯ কোটি ৪৪ লক্ষ এবং তামিলনাড়ুতে ৫ কোটি ৬৭ লক্ষ।
১৫ মার্চ ২০২৬ ১৬ : ০৮
'নির্বিঘ্নে এসআইআর হয়েছে', ১৭.৪ কোটি ভোটার অংশ নেবেন নির্বাচনে: জ্ঞানেশ কুমার
সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বললেন, 'এসআইআর হয়েছে পাঁচ রাজ্যে। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমি এসআইআরের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের অভিনন্দন জানাচ্ছি।'
১৫ মার্চ ২০২৬ ১৬ : ০৩
পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা, শুরু সাংবাদিক সম্মেলন
সাংবাদিক সম্মেলন শুরু হল নির্বাচনের কমিশনের। রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার বিবেক জোশী।
















