আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেও দুর্যোগের ঘনঘটা। ভোর থেকে আকাশের মুখভার। কালো মেঘে ঢাকা আকাশ। কখনও ঝেঁপে বৃষ্টি, কখনও বা একটানা ঝিরিঝিরি বৃষ্টি। তাপমাত্রা আজও ৩০ ডিগ্রির নীচে। চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম ও নদিয়ায় অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দিনভর বৃষ্টিতে জল জমার আশঙ্কা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবারেও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। আজও বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকের পর থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টির দাপট কমলেও, তা থামবে না। চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে বাংলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থামার লক্ষণ নেই। সোমবারেও উপরের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। তবে বর্তমানে তুলনামূলক কম বৃষ্টি হবে।
















