আজকাল ওযেবডেস্ক: নদিয়ার করিমপুরে তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় তিন কেজিরও বেশি সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে।
সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টের নাজিরপুর এলাকায় টিনার বাড়িতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। অভিযানে প্রায় তিন কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, সদ্য গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সময় টিনা ভৌমিক সাহার নাম উঠে আসে। এরপরই তদন্তের সূত্র ধরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় সব্যসাচী দত্তকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই টিনা ভৌমিক সাহা একসময় তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী ছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে নদিয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পান সব্যসাচী দত্ত।

সেই সময় থেকেই টিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে বলে রাজনৈতিক মহলের দাবি। ধীরে ধীরে সেই সম্পর্ক পারিবারিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। নদিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সম্প্রতি একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
সেই তথ্যের ভিত্তিতেই টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার উৎস কী, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সোনা বৈধভাবে অর্জিত নাকি অন্য কোনও আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা সোনার মালিকানা, ক্রয় সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নদিয়া জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত টিনা ভৌমিক সাহা বা তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















