আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি।
তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে ১ কোটি ৫ লক্ষ আদায়ের চেষ্টার অভিযোগ রয়েছে। এবার সব্যসাচী দত্তর গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।
তাঁর দাবি, সব্যসাচী দত্তর গ্রেপ্তারির পিছনে হাত রয়েছে কাকলির। তিনি বলেন, ‘কাকলি ঘোষ দস্তিদার এখন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের থেকেও নিরাপত্তা পাচ্ছেন। তাঁর বদলে নিজের এলাকার তৃণমূল নেতাদের ফাঁসাচ্ছেন উনি। সব্যসাচী দত্ত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছেন। এর পিছনে ওঁরই হাত রয়েছে।’
এমনকী, দিল্লিতে তৃণমূলের 'বিদ্রোহী' সাংসদদেরও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, যাঁরা দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছিলেন তাঁরা আজ বিজেপির লোক।
দলের সাংসদদের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, ‘শুভেন্দু অধিকারীরন সঙ্গে যাঁরা দেখা করতে গিয়েছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, আজ তাঁদের নেতা নরেন্দ্র মোদি। তাঁরা কার্যত বিজেপিতে যোগ দিয়েছেন।’
তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সাহস থাকলে নিজেদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে দলের কর্মীদের মুখোমুখি হোন। মানুষ আপনাদের প্রকৃত অবস্থান বুঝে গিয়েছে।’ দলত্যাগীদের উদ্দেশে কল্যাণের কটাক্ষ, ‘এঁরা শুধু ক্ষমতার কাছাকাছি থাকতে চান। দল ছাড়তে চাইলে ছাড়ুন, আমাদের কোনও আপত্তি নেই। তবে নিজের নামের পাশে আর তৃণমূল নেতা বা তৃণমূল সাংসদ পরিচয় ব্যবহার করবেন না।’
বিদ্রোহী’ সাংসদদের বিরুদ্ধে নির্বাচনের পর দলীয় কর্মীদের পাশে না থাকার অভিযোগও তোলেন তিনি। তাঁর প্রশ্ন, ‘নির্বাচনের ফল প্রকাশের পর নিহত বা আক্রান্ত দলীয় কর্মীদের পরিবারের পাশে কি এই নেতারা কিংবা শর্মিলা সরকার দাঁড়িয়েছিলেন? উত্তর হল—না।’















