আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এবার পুলিশের বিরাট রদবদল। একসঙ্গে ১৭৯ আইপিএলকে বদলি। রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের রদবদলের নোটিশ জারি করল রাজ্য হোম অ্যাফেয়ার্স দপ্তর। 

 

আজ সোমবার ডায়মন্ড হারবারের এসপি, জলপাইগুড়ি, কৃষ্ণনগরের এসপি, বারাসতের পুলিশ সুপার, পুরুলিয়া, বীরভূম এবং হাওড়া গ্রামীণের এসপি-সহ একগুচ্ছ পদে বদলের নোটিশ জারি করা হয়েছে। 

রাজ্য হোম অ্যাফেয়ার্স দপ্তরের নোটিশ অনুযায়ী, ১৭৯ আইপিএস বদলির পাশাপাশি, একাধিক পুলিশ সুপারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ১২টি পুলিশ জেলার এসপি বদল করা হচ্ছে। 

 

পুলিশের রদবদল হচ্ছে, বারাসত, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, দক্ষিণ দিনাজপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, বীরভূম, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি গ্রামীণ পুলিশ জেলাতেও। পাশাপাশি কলকাতা পুলিশেও রদবদল হয়েছে। 

নবান্নের জারি করা নোটিশ অনুযায়ী, এই রাজ্য পুলিশে এই রদবদলের পাশাপাশি একাধিক শীর্ষ আধিকারিকের পদোন্নতিও হয়েছে ৷ কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবি এবং বিভিন্ন জেলার রেঞ্জ ডিআইজি, ও আইজিপি পদেও বদল করা হয়েছে। 

 

বাঁকুড়া রেঞ্জের আইজিপি রাজেশ কুমার যাদবকে বদলি করা হয়েছে। বর্তমানে আইজিপি এসটিএফ পদে তাঁকে রাখা হয়েছে৷ কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে মালদহ রেঞ্জের আইজিপি দীপনারায়ণ গোস্বামীকে। আইজিপি ট্রাফিক পদে ছিলেন গৌরব শর্মা। তাঁকে আইজিপি এসটিএফ-এর পদে রাখা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ফোর) ভি. সলোমন নেশাকুমারকে আইজিপি (পার্সোনেল) পদে বদলি করা হয়েছে৷ মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের আইজিপি (আইবি) পদে রাখা হয়েছে। 

 

কলকাতা পুলিশের ডিসি সাউথ-ওয়েস্ট ডিভিশন (বেহালা) থেকে রাহুল দেকে সরিয়ে সাউথ ডিভিশনের ডিসি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি নর্থ ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে সায়ক দাসকে। তিনি পূর্ব বর্ধমানের এসপি-র পদে ছিলেন। পূর্ব বর্ধমানের এসপি পদে আনা হয়েছে আইপিএস পুষ্পাকে। তিনি 

বারাসত পুলিশ জেলার এসপি পদে ছিলেন। 

 

কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্পেশাল) পদে ছিলেন বিদিত রাজ বুন্দেশ। তিনি এখন বীরভূমের এসপি পদে। উত্তরবঙ্গের আইবি-র ডিআইজি পদে আনা হয়েছে এসপি অমরনাথকে। 

 

অন্যদিকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদ থেকে আইপিএস ঈশানি পালকে সরিয়ে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি করা হয়েছে।