আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে গিয়ে ভারতীয় পর্যটকদের 'তান্ডব' ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এবার ঘটনাস্থল ভিয়েতনামের হোচিমিন সিটি। রেস্তোরাঁয় বসে শিশুদের যত্রতত্র টিস্যু পেপার ছড়াতে বারণ করায়, রেস্তোরাঁর সম্পত্তি ভাঙচুর করা হয়। এমনকি রেস্তোরাঁর কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে এক ভারতীয় পরিবারের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রভাব খাটাতে নিজেদের 'ইনফ্লুয়েন্সার' বলেও দাবি করেন তাঁরা। ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

 

ভিয়েতনামের হোচিমিন সিটির জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ 'বম্বে বাইটস'। তার মালিক ঐশ্বর্য খন্না সিং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সিসিটিভি ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর একটি টেবিলে বসে রয়েছে কয়েকটি শিশু। ক্রমাগত তারা একের পর এক টিস্যু পেপার হোল্ডার থেকে টেনে ছড়িয়ে দিচ্ছে পুরো ডাইনিং এলাকায়। এর কিছু পরেই তারা টেবিল থেকে প্লেট এবং জলের গ্লাস তুলে মেঝেতে আছাড় মারতে শুরু করে। আর তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিশুগুলির বাবা রেস্তোরাঁর কর্মীদের দিকে তেড়ে যান। এ বার তিনি চিৎকার করতে করতে পাশের আরেকটি টেবিল থেকে গ্লাস তুলে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলেন।

 

ভিডিওতে আরও দেখা গিয়েছে, এক রেস্তোরাঁ কর্মী অত্যন্ত বিরক্ত ও বিপর্যস্ত হয়ে নিজের মাথার টুপি নীচে ফেলে ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন। ঠিক তখনই শিশুদের বাবা ও মা—উভয়েই ওই কর্মীর দিকে তেড়ে যান। এর পর দু'জনেই কর্মীটিকে ধাক্কা মারেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মী ও ব্যক্তিরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

 

ভিডিও প্রকাশ করেই ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দেন রেস্তোরাঁর মালিক ঐশ্বর্য খন্না সিং। লেখেন, 'শিশুদের সামলানোর অনুরোধ করায় উল্টে রেস্তোরাঁর সম্পত্তি নষ্ট করা হয়েছে। কর্মীদের চরম হেনস্থা ও অপমান করা হয়েছে। নিজেদের 'ইনফ্লুয়েন্সার' দাবি করে তাঁরা সমস্ত দায় এড়ানোরও চেষ্টা করেন।"

 

ঐশ্বর্য আরও লেখেন, 'রেস্তোরাঁ কোনও খেলার মাঠ নয়। আতিথেয়তা করা আমাদের দায়িত্ব। কিন্তু ন্যূনতম ভদ্রতা বজায় রাখা সকলের দায়িত্ব। রেস্তোরাঁর কর্মী, সরকারি সম্পত্তি এবং জনসমক্ষে ব্যবহারের জায়গাগুলির প্রতি শ্রদ্ধা থাকাটা জরুরি। এ নিয়ে কোনো আপস করা চলে না।'

 

ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অধিকাংশ নেটনাগরিকই ওই মা-বাবার তীব্র সমালোচনা করেছেন। অনেকের মতে, সন্তানদের আদবকায়দা, শৃঙ্খলা ও সম্মান শেখানোর পরিবর্তে এই অভিভাবকেরা নিজেরাই হিংস্র আচরণ করে শিশুদের সামনে খারাপ উদাহরণ তৈরি করছেন।

 

বহু মানুষ এই আচরণকে 'অসভ্য' বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন যে, রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে এমন ব্যবহারকারীদের কঠোর শাস্তি পাওয়া উচিত। সাধারণ মানুষের একাংশ মন্তব্য করেছেন, শিক্ষা বা বাহ্যিক চাকচিক্যের চেয়েও নম্রতা এবং অপরের প্রতি শ্রদ্ধা থাকাটা অনেক বেশি জরুরি।

 

জানা গিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে এই ঘটনার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে।