আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। অসহনীয় গরম, প্রখর রোদ আর অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ।
বিশেষ করে শিল্পাঞ্চল দুর্গাপুরেও তাপপ্রবাহের জেরে জনজীবন হয়ে উঠেছিল বিপর্যস্ত। তবে সোমবার বিকেল গড়াতেই আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বদলে যায় আবহাওয়ার ছবি।
ধীরে ধীরে মেঘে ঢেকে যায় শিল্পাঞ্চল দুর্গাপুরের আকাশ, শুরু হয় কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ নামে মুষলধারে বৃষ্টি। কয়লাঞ্চলে বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়।
শহরের একাধিক এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে হয় বৃষ্টি। প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে যায়, তাপমাত্রাও খানিকটা নেমে আসে। বেশ কিছু যেই এলাকাগুলিতে শিলাবৃষ্টি হয়েছে সেখানে সাময়িকভাবে সাদা হয়ে যায় ওই এলাকার রাস্তা।
টানা গরমের পর এই আকস্মিক কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুর্গাপুরবাসী। এদিনের বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রবল দাবদাহ থেকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে দুর্গাপুরবাসীকে।
উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।















