আজকাল ওয়েবডেস্ক: বিবাহিত স্ত্রী ঘর ছেড়ে একের পর এক পুরুষের হাত ধরছেন। ক্ষোভ এবং তার থেকে তৈরি হওয়া অপমান সহ্য হয়নি স্বামীর। শেষপর্যন্ত নিজের ঘরেই গলায় কুকুর বাঁধার বেল্ট দিয়ে গলায় ফাঁস আটকে আত্মঘাতী হলেন স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বজবজের চড়িয়াল ৩ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম অপূর্ব দাস (২৬) বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর বুধবার দেহ তুলে দেওয়া হয়েছে মৃতের পরিবারের হাতে। ঘটনাটি তদন্ত করছে বজবজ ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, বছর পাঁচেক আগে বিয়ে হয় অপূর্বর। তাঁদের একটি তিন বছরের কন্যা সন্তানও আছে। স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্রী। অপূর্ব একটি জুট মিলের কর্মী ছিলেন। কিন্তু এরই মাঝে স্ত্রীর আচরণে তাঁর সন্দেহ জাগে। তাঁর স্ত্রী একজন যুবকের সঙ্গে মেলামেশা করতে থাকে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ তৈরি হয়। শেষপর্যন্ত অপূর্বর স্ত্রী তাঁকে ছেড়ে ওই যুবকের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যান। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। কয়েকদিন পর সেই যুবককেও ছেড়ে স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে ঘর বাঁধেন বলে অপূর্ব জানতে পারেন।
গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সবসময় ম্রিয়মাণ হয়ে থাকতেন বলে জানা গিয়েছে। শেষপর্যন্ত মঙ্গলবার ঘরেই বাড়ির পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস আটকে ঝুলে পড়েন তিনি। বাড়ির লোক জানতে পেরে তাঁকে বেল্ট কেটে মাটিতে নামায়। চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে তাঁরা অপূর্বকে মৃত বলে ঘোষণা করেন।
