আজকাল ওয়েবডেস্ক: মমতা ব্যানার্জি চাইলে তিনি তাঁর জিতে আসা আসন ছাড়তে রাজি। জানালেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) নেতা এবং বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার এবিষয়ে হুমায়ুনকে আজকাল ডট ইন-এর তরফে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “মমতা ব্যানার্জি যদি আমায় বলেন তাহলে আমি  রেজিনগর আসনটা ছেড়ে দেব।  ওঁকে জিতিয়েও আনব।” 

প্রসঙ্গত, এবছর বিধানসভা নির্বাচনে নিজের দল এজেইউপি'র হয়ে মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন। দু’টি আসনেই জয়লাভ করেন তিনি। পরে ঘোষণা করেন তিনি নওদা কেন্দ্রে বিধায়ক থাকলেও রেজিনগর কেন্দ্র থেকে তিনি পদত্যাগ করবেন। সেই আসন থেকে তাঁর পুত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার মমতাকে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার দাবি করার পাশাপাশি হুমায়ুন দাবি করেন, “মমতা ব্যানার্জি যদি ভবানীপুর কেন্দ্রে জিততেন তাহলে তিনিই হতেন বিরোধী দলনেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা আখরুজ্জামানরা এখন যে একটা আলাদা ব্লক করেছেন তখন সেই ব্লক আর করার সাহস পেতেন না।”

মুর্শিদাবাদ থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা বিধায়ক হওয়ার পর এখন ঋতব্রতদের সঙ্গে গিয়েছেন তাঁদের প্রসঙ্গে হুমায়ুন বলেন, “শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু লোক আমার সঙ্গে রাজনীতি করার জন্য যোগাযোগ করছেন। কিন্তু  আমি কোনও দিনও এই সমস্ত নেতাদের দলে নেব না। কারণ, মানুষ কখনও এই ধরনের কাজকে ভাল চোখে দেখে না।"