আজকাল ওয়েবডেস্ক: হাওড়া মেন শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। রবিবার সকালে হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ও ডাউন - দুই রুটেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভার হেড ইকুইপমেন্টে ‘পাওয়ার অফ’ হয়ে যাওয়ার কারনেই এই সমস্যা।
এই পরিস্থিতিতে হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়। ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া এবং ব্যান্ডেল-নৈহাটি শাখার একাধিক লোকাল ও কিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে।
হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যে আটকে পড়েন। পূর্ব রেলের মুখ্য জনসংযোজ আধিকারিক জানিয়েছেন, ওভার হেড ইকুইপমেন্টের সার্কিট এর গন্ডগোলের জন্য পাওয়ার অফ হয়ে গিয়েছিল। তবে ট্রেন পরিষেবা এখন স্বাভাবিক আছে।
