মিল্টন সেন, হুগলি: গত কয়েক মাসে কলকাতার আরজি কর হাসপাতাল নিয়ে উঠেছে একাধিক বিতর্ক। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠেছে নানা অভিযোগ। এই আবহের মধ্যেই হুগলি চুঁচুড়া পুর স্বাস্থ্য কেন্দ্র পেল ভাল কাজের স্বীকৃতি। আর সেই ভাল কাজের মূল্যায়ন করে শংসাপত্র দিয়েছে খোদ দিল্লি। অর্থাৎ কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক। 

 

পুর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর পাশাপাশি ওষুধপত্র, চিকিৎসা প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছিল গত ২৩ অক্টোবর। দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের দুই সদস্যের প্রতিনিধি হুগলি চুঁচুড়ায় এসে এই সমীক্ষা চালিয়েছিলেন। চলেছিল ২৫ অক্টোবর পর্যন্ত, টানা তিন দিন। সমীক্ষা চলেছিল হুগলি চুঁচুড়া অন্তর্ভুক্ত পুরসভার ইউপিএইচসি-৩ স্বাস্থ্য কেন্দ্রে। যা মল্লিক কাশেম হাট এলাকায় সায়রামোর সংলগ্ন অঞ্চলে অবস্থিত। সেই স্বাস্থ্য কেন্দ্রে এসে জাতীয় স্তরের প্রতিনিধিরা বাহ্যিক সমিক্ষা চালিয়েছিলেন। কথা বলেছিলেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, চিকিৎসক, নার্সদের সঙ্গে। খতিয়ে দেখে ছিলেন রোগীদের কী কী ওষুধ দেওয়া হয়। রোগীদের কোনও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে কিনা দেখার পাশাপাশি দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের বিশেষ নজর ছিল পরিষেবা নিতে আসা মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন স্বাস্থ্য কর্মীরা সেটা দেখা। 

 

একইসঙ্গে তাঁরা খতিয়ে দেখেন স্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার খাতা সহ যাবতীয় কাজ কর্মের খতিয়ান। সরেজমিনে যাবতীয় বিষয় পর্যবেক্ষণের পর তা নথিভুক্ত করে দিল্লি ফিরে যান প্রতিনিধিদল। এরপর দিল্লির কেন্দ্র সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডএ-এর কোয়ালিটি সার্টিফিকেট এসে পৌঁছয় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে। শংসাপত্র পাওয়ার পর স্বভাবতই উৎসাহী স্বাস্থ্য কর্মীরা। তাঁরা আশাবাদী এন.কিউ.এ.এসের এই শংসাপত্র পরবর্তী সময় আরও ভাল কাজের উৎসাহ জোগাবে। উৎসাহ জোগাবে পুরসভার অধীন অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র গুলোকেও। 

 

এই প্রসঙ্গে পুরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী বলেছেন, 'হুগলি চুঁচুড়া পুরসভার তরফে সবসময় ভাল এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। চুঁচুড়া শহরে হুগলি চুঁচুড়া পুরসভা পরিচালিত চারটি স্বাস্থ্য কেন্দ্র বা ইউপিএইচসি রয়েছে। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রই ভাল কাজ করে। পরিস্থিতি যাই থাকুক না কেন, দিবারাত্র মানুষকে পরিষেবা দিয়ে চলেছে স্বাস্থ্য কেন্দ্রগুলি।' জয়দেব মনে করেন, কেন্দ্র স্বাস্থ্য বিভাগের এই পুরষ্কার বাকি স্বাস্থ্য কেন্দ্র গুলোকে বিশেষ উৎসাহী করবে। তিনি আশাবাদী আগামী দিনে পরিষেবার মান আরও উন্নত হবে।

ছবি পার্থ রাহা।