দীক্ষা ভুঁইয়া: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৯ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত গোটা রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এই মর্মে সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশিকা জারি করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং ‘জনভাগিদারি’কে উৎসাহিত করার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের সব সরকারি দপ্তর, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যবসায়িক সংগঠন এবং সাধারণ মানুষকে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে তিরঙ্গা রঙ্গোলি, প্রভাতফেরি, সাইকেল ও ই-বাইক র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘বন্দে মাতরম’-এর সমবেত গানের আয়োজন, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় তিরঙ্গা-থিমে আলোকসজ্জা, তিরঙ্গা রঙ্গোলি এবং জাতীয় পতাকার ইতিহাস নিয়ে প্রদর্শনীর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলন এবং ‘সেলফি উইথ তিরঙ্গা’ পোর্টালে ছবি আপলোড করতেও উৎসাহিত করতে বলা হয়েছে।
জেলাভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক বরাদ্দেরও ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা, মহকুমাকে ৫০ হাজার টাকা, ব্লককে ২০ হাজার টাকা, পুরনিগমকে ১ লক্ষ টাকা এবং পুরসভাকে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে।
এছাড়া কালিম্পং বাদে প্রতিটি জেলা ও কলকাতা পুরসভাকে কেন্দ্রের তরফে প্রায় ১.৫ লক্ষ জাতীয় পতাকা সরবরাহ করা হবে, আর কালিম্পং জেলায় দেওয়া হবে ২০ হাজার পতাকা।
প্রচারাভিযান শেষ হওয়ার পর অংশগ্রহণ, ছবি ও ভিডিও-সহ একটি সংক্ষিপ্ত রিপোর্ট দ্রুত তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
















