আজকাল ওয়েবডেস্ক: গয়ায় পিন্ডদান সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। ঘটনায় আহত আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে।
মৃত চারজন হলেন,পরিতোষ কীর্তনীয়া (৫৯), কাজল কীর্তনীয়া (৫৫)। অন্য দু’জন হলেন তাঁদের দুই মেয়ে ফুলী মুখার্জী (৩৩) এবং মিঠু বাগ(৩১)। এদের সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তার আত্মীয়-স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান করতে গিয়েছিলেন। ফেরার পথে শুক্রবার ভোরে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হয় গাড়িতে থাকা চালক-সহ ১০ জন। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে, ঘটনায় আহত আরও ছয় জনের মধ্যে পাঁচ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।















