আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ তো হলই না, উল্টে ক্ষতির মুখে পড়তে হল ধূপগুড়ি বাজারের ব্যবসায়ীদের। শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ধূপগুড়ি বাজারে। আচমকা আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। শনিবার করে ওই এলাকায় সাপ্তাহিক হাট বসে। তার ওপর লক্ষ্মীপুজোর দিন।

ব্যবসায়ীদের পাশাপশি সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকলে খবর হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।