আজকাল ওয়েবডেস্ক: আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড। লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে নষ্ট হয় দোকানের ভেতরে থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার পুলিশও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অনেকেই দোকান থেকে কিছুই বের করতে পারেননি। বহু ব্যবসায়ীর বছরের সঞ্চিত পুঁজি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ। দমকলও নিজস্ব রিপোর্ট প্রস্তুত করছে।
এই ঘটনায় হতাহতের খবর না মিললেও এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। ঘটনার জেরে যে ক্ষতি হয়েছে তার হিসেব করেই সেখানে নতুন করে সমাধানের পথ বের করা হবে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই কাজ যত দ্রুত হবে ততই মঙ্গল বলেই মনে করেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।
