আজকাল ওয়েবডেস্ক: মহার্ঘ ভাতা অর্থাৎ DA নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক সোমবার বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরেই মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মহার্ঘ ভাতা, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই, রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া শুরু করে দিয়েছে নবনির্বাচিত রাজ্য সরকার।
জানা গিয়েছে, গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, একদম প্রথম পর্যায়ে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ বাবদ বকেয়া অর্থ প্রথমে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
উল্লেখ্য, আগামী ২২ জুন বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, ২২ জুন সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সরকারি কর্মীরা আশাবাদী, ২২ জুন মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
তবে গত সোমবারের বৈঠকে বর্তমানে যাঁরা রাজ্য সরকারি কর্মী রয়েছেন তাঁদের এখনও ডিএ দেওয়ার বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা কবে থেকে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করে জানায়নি প্রশাসন।
আগেই জানা গিয়েছিল, বকেয়া ডিএ-সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনরত সংগঠনগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছিল, প্রতিটি আন্দোলনকারী মঞ্চ থেকে তিনজন করে প্রতিনিধি অংশ নেবেন।
সব মিলিয়ে মোট ১২ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আন্দোলনকারীদের দাবি ছিল, পূর্বতন সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানানো হলেও সেই সুযোগ মেলেনি।
তবে এবার দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়েছিল। বৈঠককে ঘিরে সরকারি কর্মচারী মহলে যথেষ্ট আগ্রহও তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা।
















