দীক্ষা ভুঁইয়া: বিধানসভায় ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পে অনিয়মের অভিযোগ নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সরাসরি অভিষেককে নিশানা। ছাড় নয় কোনওভাবেই, সাফ জানিয়ে দেন তা। সেবাশ্রয় নিয়ে বক্তব্যের মাঝেই, একটি চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক রাজীব বিশ্বাস ওই চিঠিতে নিজের ভূমিকার ব্যাখ্যা দিয়ে ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে ক্ষমা প্রার্থনা করেছেন।
মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, চিঠিতে রাজীব বিশ্বাস লিখেছেন যে তিনি একজন জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এবং ‘অভয়া’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনে অংশ নেওয়ার কারণে স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদত, কলেজের অধ্যক্ষ এবং কয়েকজন ছাত্রের সঙ্গে বিবাদের জেরে দীর্ঘদিন হেনস্তার আশঙ্কায় দিন কাটাতে হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে, এদিন বিধানসভায় তেমনটাই জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, চিঠিতে আরও দাবি করা হয়েছে, পরে আমতলা অডিটোরিয়ামে আয়োজিত ‘সেবাশ্রয়’ শিবির সম্পর্কে জানতে পেরে সেখানে চিকিৎসা পরিষেবায় অংশ নেন তিনি। পরবর্তীতে ডিউটির জন্য তাঁকে সামিম আহমেদ তাঁকে ডেকে পাঠান।
‘সেবাশ্রয়-২’ কর্মসূচির সময় পড়াশোনার ব্যস্ততার কারণে ন্যূনতম অংশগ্রহণ করেছিলেন বলে দাবি করে রাজীব বিশ্বাস চিঠিতে লেখেন, তিনি একজন জুনিয়র চিকিৎসক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে “ক্ষমাসুন্দর দৃষ্টিতে” বিষয়টি দেখার আবেদন জানাচ্ছেন।
বিধানসভায় এই চিঠির উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘সেবাশ্রয়’ সংক্রান্ত তদন্তে নতুন তথ্য সামনে আসছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়। নিজের লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় জোর চর্চাও হয়। যদিও সেই ডায়মন্ড হারবার মডেল থেকেই বিপত্তি। তৃণমূল ভোটে হারার পর থেকে, সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একের পর এক অভিযোগ সমানে এসেছে। এবার বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রীর মুখে সেবাশ্রয় দুর্নীতি। সরাসরি কড়া হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের সাংসদের।
এদিন মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ, ঘটনার বিবরণ দেন। মুখ্যমন্ত্রী বলেন, 'একটি শিশুর হাত গেছে। বিকলাঙ্গ করেছে সেবাশ্রয়। এক মহিলা পা হারিয়েছেন।' সঙ্গেই বলেন, 'এই চিটিংবাজ ভাইপো আলট্রাসোনোগ্রাফির মেশিন, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজের পড়ূয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট চিকিৎসা করতে পারে? একবার ঢুকলে বেরোবে না। এটা খুনের মামলা। কেউ বাঁচাতে পারবে না চিটিংবাজ ভাইপোকে।' নিজের বক্তব্যের অভিষেককে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। অভিযোগের ভিত্তিতে সরকার কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছেন, তাও জানান মুখ্যমন্ত্রী। তার মাঝেই ওই চিঠিও পড়ে শোনান।
















