আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট বিএসএফ সীমান্ত আউটপোস্টে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারালেন ৭১ ব্যাটেলিয়নের জওয়ান বিনীত কুমার দুবে (৪৬)। উত্তরপ্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা বিনীত কুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মিঠুপুর এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে বজ্রপাতও চলতে থাকে। কর্তব্যরত অবস্থাতেই বজ্রাঘাতে গুরুতর আহত হন বিনীত কুমার দুবে। সহকর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিএসএফের এক আধিকারিক জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দায়িত্ব পালন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর জওয়ানের মৃতদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর বাড়ি কান্নৌজ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে। বিএসএফ-এর পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে দেশের সুরক্ষায় নিযুক্ত এক জওয়ানের অকাল মৃত্যুতে বিএসএফ-এর জওয়ানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে নেমেছে।  

এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিএসএফের তরফে সতর্কতা মূলক একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের সময়  সাধারণ গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানদের সেই সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধে নাগাদ পার শিবপুর গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় নৌকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে চারজনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। বাজ পড়ার এই ঘটনায় আহত প্রায় ১৫ জন এখনও মুর্শিদাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।