আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন গর্গ চ্যাটার্জি। নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গর্গের বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচন কমিশন।

সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তাঁকে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে এদিন গ্রেপ্তার করা হয় গর্গ চ্যাটার্জিকে।

সূত্র মারফত জানা গিয়েছে, জেলা নির্বাচন আধিকারিকের (DEO) তরফে করা অভিযোগের ভিত্তিতে এদিন গর্গকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনের আগে ইভিএম নিয়ে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে রবীন্দ্র সরোবর থানার পুলিশ গ্রেপ্তার করেছে গর্গকে।

বাংলা পক্ষের অন্যতম মুখ গর্গকে নির্বাচনের আগে থেকেই সক্রিয় দেখা গিয়েছে। এবার ভোটের আগে ইভিএম নিয়েও একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে গর্গকে।

এমনকী, বলেছিলেন, 'ভোট দিয়ে বেরোনোর আগে ভিভিপ্যাট ভাল করে দেখে নেবেন।' নির্বাচনের পরের দিন বিক্ষোভের মুখে পড়েছিলেন গর্গ। তাঁকে দেখে 'চোর'  স্লোগান উঠেছিল। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে রক্ষা করেন।

নির্বাচনের আগে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধেও একাধিক পোস্ট করেছিলেন গর্গ। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক 'অবাঙালি' বলে তোপ দেগেছিলেন ভারতীয় জনতা পার্টিকে।

একাধিক অভিযোগ এনেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। এবার তাঁর বিরুদ্ধেই মামলা দায়ের করা হয় কমিশনের তরফে। সেই মামলাতেই গ্রেপ্তার হলেন গর্গ।