আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানোর পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টার অভিযোগে সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয়েছেন হামিম মন্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার। হামিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আদিত্য সিংহ ওরফে রাজ নামে আরও এক যুবককে।
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোচ্চার হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন," আমি চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সমস্ত রকমের নিরাপত্তা দেওয়া হোক। এই দাবি কেবল আমার নয় সকলের। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক।"
অধীর চৌধুরী বলেন," আমরা চাইবো পশ্চিমবঙ্গ কেন ভারতের কোথাও যেন সন্ত্রাসবাদীরা আশ্রয় না পায়। পশ্চিমবঙ্গে যে ঘটনা হয়েছে তার প্রকৃত তদন্ত করে যত দ্রুত সম্ভব সত্যি ঘটনা সকলকে জানানো হোক। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যদি জঙ্গিরা জাল বিস্তার করে তাহলে তা আমাদের সকলের নিরাপত্তার জন্য শঙ্কার কারণ।"
তিনি বলেন," সন্ত্রাসবাদীদের কোনও জাত,বর্ণ, ধর্ম হয় না। কিন্তু সন্ত্রাসবাদী সন্দেহে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে যেন ধর্মের ভিত্তিতে গ্রেপ্তার না করা হয়।"
অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বিপুল অর্থের ভাণ্ডার উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে আজ মুখ খুলেছেন অধীর চৌধুরী। সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা টুলু মন্ডলের বাড়ির পর রবিবার মালদার মঙ্গলবাড়ি এলাকায় জনৈক পিন্টু সরকার নামে এক তৃণমূল ঘনিষ্ট ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ অর্থ উদ্ধার করেছে। সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমান একটি বিশেষ কাশির সিরাপ। টুলু মন্ডল পলাতক হলেও মালদার ঘটনায় এখনও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অধীর চৌধুরী বলেন," একসময় এই রাজ্যে যারা রাজত্ব করত তাদের মধ্যে কিছু ব্যক্তি যেভাবে অর্থের ভান্ডার করেছে তা দেখে সকলে হতবাক। বাংলায় রুটি রুজি চাকরি নেই কিন্তু এদের ঘরে এত টাকা কীভাবে এলো?"
তিনি বলেন," মন্ত্রী-ব্যবসাদারদের ঘরে এত টাকা। কিন্তু অন্যদেরকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, মজদুরি করছে। আমরা এসব কিছু শুনতে পাচ্ছি কিন্তু এর শেষ দেখতে পাচ্ছি না।"
















