আজকাল ওয়েবডেস্ক: পুজো দিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ আহত হয়েছেন প্রায় ১৫ জন। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মালবাহী গাড়িতে করে প্রায় ১৭ জন যাত্রী বর্ধমানের জামালপুর থেকে পুজো দিয়ে ফিরছিলেন। মধ্যরাতে শান্তিপুরের ফুলিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ডাম্পারের সংঘর্ষ হয় ওই মালবাহী গাড়িটির। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলেই রক্তে ভেসে যায় পথ। গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনের বাড়ি রানাঘাটের ধানতলা দৌলা এলাকায়। মৃতদের নাম গৌতম সিং, নারায়ণ সরকার এবং শ্রাবন্তী সিং । তাঁদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে যায় এলাকায়। আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
বর্তমানে হাসপাতালে প্রায় ৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস মৈজ্য বলেন, "ঘাতক ডাম্পার-সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেই বাজেয়াপ্ত করা হয়েছে । তবে ডাম্পারের চালক এবং খালাসি পালাতক । তাঁদের খোঁজে চলছে । কী কারণে এমন দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।"
















