আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল বঙ্গ ভোটে হারার পর থেকেই, পরপর মামলায় বিপাকে অভিষেক। এবার দিল্লিতে গেল বসার জায়গাও! সংসদে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদেরা পৃথক হয়ে, অন্য দলের সঙ্গে মিশে যাওয়ার পর, বদলে গেল লোকসভা কক্ষে অভিষেকের বসার জায়গাও। আগে অভিষেকের বসার আসন নম্বর ছিল ৩৫৪। বর্তমান আসন সংখ্যা ২৮১। অন্যদিকে সুদীপ ব্যানার্জির আগে আসন সংখ্যা ছিল ২৮০, বর্তমানে তাঁর আসন সংখ্যা ৩৫৪। অর্থাৎ তিনি গেলেন অভিষেকের বসার জায়গায়।

 

২০২৫ সালে, সুদীপ ব্যানার্জিকে সরিয়ে, লোকসভার দলনেতা পদে বসানো হয় অভিষেক ব্যানার্জিকে। ছাব্বিশের ভোটের আগে অভিষেকের দিল্লিতে গুরুত্ব বাড়াতেই, জোর আলোচনাও হয়েছিল। তবে ছাব্বিশের ভোটের পরেই তৃণমূলের যাবতীয় নকশাই বদলে গিয়েছে। বিধানসভা থেকে সংসদে, সর্বত্রই ভেঙে খানখান ঘাসফুল শিবির। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে আলাদা হয়ে গিয়েছেন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। যদিও তাঁরা নিজেদের তৃণমূল বলেই দাবি করেছেন। আসল তৃণমূলের দাবি নিয়ে, দুই শিবির গিয়েছে কমিশনের কাছে। 

 

অন্যদিকে সংসদে, কাকলি-সুদীপের নেতৃত্বে পৃথক হয়ে গিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সাংসদরা। তাঁরা মিশে গিয়েছেন এনসিপিঅআই-এর সঙ্গে। বাদল অধিবেশনের আগে, এনসিপিআইকে স্বীকৃতি দেওয়া হয়। তা নিয়ে সর্বদলীয় বৈঠক থেকে ওয়াক-আউট করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। অন্যদিকে এই বিভাজনের পর, বদলে দেওয়া হয় আসনও।