আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন এক যুবক। ঘটনায় উপস্থিত শ্মশানযাত্রী ও স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েন।

জানা গিয়েছে, নদিয়ার গেদে সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য নবদ্বীপ মহাশ্মশানে আনা হয়েছিল। বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ প্রবেশ করানোর সময় আচমকাই ইন্দ্রজিৎ বিশ্বাস নামক ৩০ বছর বয়সী এক যুবক চুল্লির ভিতরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত শ্মশানযাত্রীরা দ্রুত পরিস্থিতি বুঝে তাঁকে টেনে বাইরে বের করে আনেন। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। গুরুতর আহত অবস্থায় ইন্দ্রজিৎ বিশ্বাসকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের একাংশ অগ্নিদগ্ধ হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাতি ছিলেন ওই যুবক। তবে কী কারণে তিনি এমন আত্মঘাতী পদক্ষেপের চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি শোকের আবেগে ঘটেছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এই অস্বাভাবিক ঘটনায় নবদ্বীপজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্মশানের মতো সংবেদনশীল স্থানে এমন ঘটনা বিরল বলেই মত স্থানীয়দের।