আজকাল ওয়েবডেস্ক:‌ পেশায় অটোচালক। পারিবারিক আর্থিক সমস্যার জেরে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি জয়নগর থানা এলাকার সরবেড়িয়ার বাসিন্দা চিরঞ্জিত সাহার। এবার পরীক্ষা শুরুর দিন থেকে এক মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি। কোনও পরীক্ষার্থী টাকার অভাবে বা সময়ের অভাবে যাতে পরীক্ষা দিতে যেতে অসুবিধায় না পড়ে, তাই বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের নিজের অটোয় বসিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন চিরঞ্জিত। সকাল ৭ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই পরিষেবা দিচ্ছেন চিরঞ্জিত। সকল পরীক্ষার্থীদের জন্যই এই পরিষেবা। 
জানা গেছে, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চিরঞ্জিতের। পড়তেন সড়বেড়িয়া টিএস সনাতন বিদ্যালয়ে। আর্থিক সমস্যার কারণে বেশিদূর লেখাপড়া এগোয়নি। বাড়িতে রোজগারের একমাত্র সদস্য তিনি। পরিবারে মা–বাবা ছাড়া স্ত্রী ও এক ছেলে রয়েছে তাঁর। পরিবারে আর্থিক অনটন থাকলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে এই পরিষেবা তিনি দিয়ে আসছেন পরীক্ষার প্রথম দিন থেকেই। তাঁর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।