আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারত জুড়ে কড়া শীতের মধ্যেই দিল্লিতে দৃশ্যমানতা কিছুটা হলেও উন্নতি হল। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে আগামী কয়েকদিন ধরে প্রবল শীত্যপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আইএমডি। দিল্লিতে এদিন সকালে কুয়াশা থাকলেও পরবর্তীকালে তা কিছুটা উন্নতি হয়। বিগত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে মুখ ঢেকেছিল দিল্লি। ফলে বিমান থেকে শুরু করে রেল সর্বত্রই সমস্যায় পড়েন যাত্রীরা। শীতের দাপটের জেরে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। এই তাপমাত্রা সাধারণের থেকে ১০ ডিগ্রি কম। বিগত শুক্রবার দিল্লিতে শৈত্যপ্রবাহ এমন ছিল যে একধাক্কায় তাপমাত্রা নেমে যায় তিন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে। শীত জমিয়ে উপভোগ করছে দিল্লিবাসী। তবে সকালের দিকে কুয়াশার জেরে এখনও চলছে ভোগান্তি।