আজকাল ওয়েবডেস্ক : ৫ রাজ্যে সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার তিনি বলেন, কংগ্রেস দেশের অতি প্রাচীন একটি দল। যারা বহুবার দেশে সরকার গঠন করেছে। আর এবার আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে তারাই সরকার গঠন করবে। প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজেছে। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, মিজোরাম এই ৫ রাজ্যে ইতিমধ্যেই নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছে কংগ্রেস। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, মিজোরামে ৭ নভেম্বর, ছত্তিশগড়ে ৭ এবং ১৭ নভেম্বর, মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৫ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর নির্বাচন হবে। ভোটের গণনা হবে ৩ ডিসেম্বর। খাড়গে বলেন, কংগ্রেস এই ৫ রাজ্যে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তিনি মনে করেন সবকটি নির্বাচনেই জয়লাভ করবে কংগ্রেস। বিজেপির শাসনকালে দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব যে হারে বেড়েছে তা থেকে দেশবাসীকে মুক্তি দেওয়াই কংগ্রেসের প্রধান কাজ। খাড়গে আরও যোগ করেন, নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে তারা ব্যর্থ। এমনকি কৃষকদের আয় দ্বিগুণ করার যে মিথ্যা দাবি বিজেপি করেছিল তা তারা মেটায়নি। খাড়গের দাবি, কেন্দ্রে বিজেপি সরকার কর্ণাটককে বরাবরই অবহেলার নজরে দেখেছে। তাই সেখানে উন্নতি কিছুই হয়নি। প্রসঙ্গত, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে সরাসরি সংঘাত হবে। যদিও তেলেঙ্গানায় কংগ্রেস, বিজেপি এবং ভারত রাষ্ট্র সমিতির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।