আজকাল ওয়েবডেস্কঃ নিট-এর প্রশ্নফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনে মুখর সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র সদস্যরা। গতকাল তাদের সংসদ ভবন অভিযানে পুলিশি পদক্ষেপে সরগরম হয় রাজধানী। মঙ্গলবার আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। এ দিন কংগ্রেসের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিও ছিল। তবে পুলিশি হস্তক্ষেপে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাহুল গান্ধী-সহ বাকিদের। আর তারপরই নীরবতা ভাঙলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মঙ্গলবার রাহুল গান্ধী-সহ কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ধর্মেন্দ্র। তাঁর অভিযোগ, সমস্যার সমাধান খোঁজার বদলে পড়ুয়াদের এখন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কংগ্রেস। সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি লেখেন, 'কেন্দ্রীয় সরকার সংসদে নিট নিয়ে সব ধরনের আলোচনার জন্য প্রস্তুত। তা সত্ত্বেও রাহুল গান্ধী ও কংগ্রেস কেবল মাত্র খবরের শিরোনামে থাকতে এবং সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই বিক্ষোভ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এ ধরনের অবস্থান বিক্ষোভ সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত নিয়মও লঙ্ঘন করেছে তাঁরা।'

তাঁর আরও দাবি, দেশের পড়ুয়ারা রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। তারা বিশৃঙ্খলার বদলে নিশ্চয়তা এবং স্লোগানের বদলে সঠিক সমাধান চায়।

তিনি আরও জানান, কেন্দ্রের সরকার পড়ুয়াদের কাছে জবাবদিহি, প্রয়োজনীয় সংস্কার এবং নিট বিতর্ক নিয়ে সংসদে আলোচনার ব্যাপারে একশো শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ।