আজকাল ওয়েবডেস্ক: রূপম ইসলামের অনুষ্ঠানে ফের তুমুল বিশৃঙ্খলা। এবার কালনায়। বুধবার পুরাতন বাসস্ট্যান্ডের পাশে পিঠে পুলি উৎসবে রূপম ইসলামের অনুষ্ঠান ছিল। সন্ধেতেই উৎসবের ময়দানে শ্রোতাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড়ের কারণে অনেকেই মাঠের ভিতর ঢুকতে পারেননি। রূপমের অনুষ্ঠান শুরু হতেই মাঠের বাইরে আরও ভিড় বাড়তে থাকে। যা ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ। হুড়োহুড়ির মাঝে আহত হন একাধিক শ্রোতা। রাস্তায় পড়ে গিয়ে পদপিষ্ট হন কেউ কেউ। অন্যদিকে অনুষ্ঠানের মূল জায়গায় পৌঁছনোর জন্য পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন অনেকেই। সেই পাঁচিল থেকে পড়ে গিয়েও আহত হন অনেকে।
এই বিশৃঙ্খলার মাঝেই ধারাল অস্ত্র সহ চারজনকে আটক করেছে পুলিশ।