আজকাল ওয়েবডেস্ক: ইরান ও ইজরাইলের সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। দু'দেশের ছোঁড়া বোমা ও মিসাইলের আঘাতে আতঙ্কে সেখানকার জনগণ। সেই আতঙ্কের আঁচ এসে পড়ল বীরভূমের মল্লারপুরেও। কারণ, ইজরাইলে আটকে পড়েছেন ভারতীয় নৌবাহিনীর অফিসার অরিত্র সিনহা। 

জানা গিয়েছে, অরিত্র নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট। প্রশিক্ষণের জন্য তাঁকে ইজরাইলের তেল আভিভে পাঠানো হয়েছিল গত ৩ মে। আগামী ২০ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়েছে বিমানের টিকিট। ফলে তিনি কবে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। 

তাঁর বাবা জয়শঙ্কর ও মা অনিমা সিনহার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠা কাটছে না পরিবারের। টেলিভিশনের পর্দায় যুদ্ধের দৃশ্য দেখালেই আতঙ্কিত হয়ে পড়ছেন তাঁরা। প্রতিটি মুহূর্তেই ঈশ্বরের কাছে তাঁর পরিবারের সকলে প্রার্থনা জানাচ্ছেন, যুদ্ধ থামুক। নিরাপদে ঘরে ফিরুক তাঁদের সন্তান।‌

পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অরিত্র নিরাপদেই আছেন‌। নিজেই আশ্বস্ত করেছেন পরিবারকে। তবে তারপরও আতঙ্ক কাটছে না তাঁর পরিবারের। কারণ, যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে যুদ্ধের পরিস্থিতি। এই আশঙ্কাই তাড়া করে ফিরছে মল্লারপুরের সিনহা পরিবারকে।