আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে ভ্রমণ সবসময়ই একটি আনন্দের অভিজ্ঞতা। এখনও অনেকে বিমানে ভ্রমণের চেয়ে ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছতে পছন্দ করেন। বন্দে ভারত এক্সপ্রেসের মতো উচ্চগতির ট্রেন চালু হওয়ার পর থেকে পরিবহনের এই মাধ্যমটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতের সবচেয়ে আধুনিক ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত আরাম এবং গতি উভয়ই প্রদান করে, যা রেল যাত্রার সংজ্ঞাই বদলে দিয়েছে।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ট্রেনের ইঞ্জিনের আসল নাম কী? যদিও আমরা অনেকেই এটিকে 'ইঞ্জিন' বলে থাকি। কিন্তু রেলের ম্যানুয়াল অনুযায়ী আসল শব্দটি হল 'লোকোমোটিভ' অথবা 'লোকো'। যেহেতু ইঞ্জিন  শব্দটি দৈনন্দিন ভাষায় বেশি ব্যবহৃত হয়, তাই আসল শব্দটি প্রায়শই কারও খেয়াল থাকে না। 

ভারত বর্তমানে বিশাল নেটওয়ার্ক জুড়ে ১৩,০০০ এরও বেশি যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে রেল। মালবাহী ট্রেনগুলিকে ধরলে সংখ্যাটি প্রায় ২৩,০০০। মজার বিষয় হল, সমস্ত ট্রেন আলাদা লোকোমোটিভ ব্যবহার করে না। উদাহরণস্বরূপ, লোকাল ট্রেন এবং ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট)-এর কোচের মধ্যেই ইঞ্জিন যুক্ত থাকে। বন্দে ভারত এক্সপ্রেস এই আধুনিক নকশার একটি উদাহরণ।

ভারতীয় রেল বর্তমানে ১০ হাজারেরও বেশি বৈদ্যুতিক লোকোমোটিভ এবং প্রায় চার হাজার ডিজেল লোকোমোটিভ চালায়। এর অর্থ প্রায় ৬৩% বৈদ্যুতিক এবং ৩৭% এখনও ডিজেলচালিত।