আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার চাদরে মোড়া রাজধানী দিল্লি। শীতের পাশাপাশি এখন কুয়াশা বাড়তি সমস্যা তৈরি করেছে রাজধানীতে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি রয়েছে। কিন্তু যে কুয়াশা প্রতিদিন দিল্লিকে মুড়ে দিয়েছে তাতে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। আইএমডি-র পক্ষ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নিজের এক্স হ্যান্ডেলে তাঁরা লিখেছেন, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন ধরে কুয়াশার প্রভাব থাকবে। ফলে সকলকেই সাবধানে গাড়ি চালাতে হবে। সকলেই যেন ফগ লাইটস ব্যবহার করে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ৮০ টি বিমান, ট্রেনও চলছে দেরি করে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে ফলে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছে বিমান এবং রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন ধরে এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আইএমডি।