আজকাল ওয়েবডেস্ক: নবনির্মিত অযোধ্যাধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্টেশনের সব অংশ ঘুরে ঘুরে দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রামের মুকুটের আকারে সেজে উঠেছিল এদিন অযোধ্যাধাম জংশনটি। এরপর সবুজ পতাকা নেড়ে অযোধ্যা থেকে বিপরীতমুখী গন্তব্যের দুটি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। যাত্রা শুরু করল নীল-সাদা রঙের বন্দে ভারত এবং গেরুয়া-ছাই রঙের অমৃত ভারত ট্রেন। এর আগে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেনের ভিতরেও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কথা বলেন বিভিন্ন স্কুল থেকে আসা পড়ুয়াদের সঙ্গে। কথা বলেন রেলের কর্মচারীদের সঙ্গেও। দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলা। মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে এই অমৃত ভারত ট্রেন। এর গতি ঘন্টায় ১৩০ কিলোমিটার। ৪৩ ঘন্টায় মালদা টাউন থেকে বেঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত ট্রেন। এদিন ছটি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
AYODHYA RAILWAY: অযোধ্যাধাম স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
















