সংবাদসংস্থা, মুম্বই: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার "অ্যানিমাল" নিয়ে বলিপাড়ায় জল্পনা তুঙ্গে। ছবির চিত্রনাট্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ছবির গান সুপারহিট। বিশেষ করে ববি দেওলের এন্ট্রি। যেখানে তিনি ইরানি গান "জামাল কুদু"-তে নাচছেন। ববি পরেছেন সাদা শার্ট, কালো ট্রাউজার, গলায় পান্না বসানো হার। হাতে শৌখিন গ্লাস। তাতে পছন্দের পানীয়। গানের তালে পা মেলাচ্ছেন তিনি, কখনও হাতের গ্লাস তুলে নিচ্ছেন মাথায়। মাত্র ১০ মিনিটের স্ক্রিন টাইমে এভাবেই নজর করেছেন পর্দার "আবরার হক।" ইনস্টাগ্রামে রিলস -এর ছড়াছড়ি "আবরার এন্ট্রি" গানে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ভাইরাল নাচটি নিয়ে ববি জানিয়েছেন তাঁর ছোটবেলার কথা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা শুটিংয়ের আগেই অভিনেতার সঙ্গে গানটি শেয়ার করেছিলেন। শুটিং চলাকালীন, ববি, পাঞ্জাবে তাঁর শৈশবের দিনগুলির কথা স্মরণ করেন। ছোটবেলায়, এই মাথায় গ্লাস নিয়ে নাচের বিষয়টা বিখ্যাত ছিল পাঞ্জাবে। ছবিতে নাকি অভিনেতার সেই আইডিয়ায় কাজে লাগিয়েছিলেন রেড্ডি।
কোরিওগ্রাফারের নাচের স্টেপ বেশ কসরত করে শিখতে হয়। তাই একটি পরিকল্পনা করেন ববি। অভিনেতার কথায়, ""পাঞ্জাবে থাকতে বন্ধুদের সঙ্গে খানাপিনার সময়, আমরা মাথায় গ্লাস নিয়ে নাচতাম। কেন করতাম জানি না। স্টেপটা সন্দীপকে দেখাতেই ও রাজি হয়ে যায়। ""
ইরানি গান "জামাল জামালো" গানটি নতুন করে ছবির জন্য তৈরি করেন হর্ষবর্ধন রামেশ্বর। যাইহোক নেটপাড়া এখন মজে "জামাল কুদু"র সুরে।