আজকাল ওয়েবডেস্ক: হাওড়া স্টেশনের কাছে রেল দুর্ঘটনা। লাইনচ্যুত বাগনান লোকালের একটি বগি। দুর্ঘটনায় হতাহতের খবর নেই। তবে অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
রেল সূত্রে খবর, বুধবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কাছে। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। বাগনান লোকালের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত হয়েছে। কী ভাবে ট্রেনটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই লাইনে খানিকটা ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলেই জানিয়েছে রেল।
এদিকে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই, তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেল লাইনের উপর দিয়ে হেঁটেই স্টেশনে পৌঁছন সকলে।