আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় মৃতের সংখ্যা বেড়ে হল তিন। বুধবারই এক জন মারা যান। বৃহস্পতিবার আরও দু’‌জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, বুধবার বাদুর কাঞ্চনতলার কাছে রাসায়নিক কারখানায় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সেখানে আগুন লাগার সময় ৪–৫ জন শ্রমিক ছিলেন। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। গোডাউনের ভিতরেই আটকে পড়েন শ্রমিকরা।


বুধবারই কারখানা থেকে এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি দু’জনকে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোররাতে তাঁরাও মারা যান। বাকি ১ জনের অবস্থা সঙ্কটজনক। কুলদীপ সিং নামে ওই কর্মীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, যাঁরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তাঁদেরও অনেকে দগ্ধ হয়েছেন, তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাসায়নিক কারখানায় কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 


মৃত তিন শ্রমিকের নাম বিশ্বনাথ বোস, জয়দেব কর্মকার ও শের আলি। গুরুতর আহত কুলদীপ সিং কারখানার মালিকের জামাই বলে জানা গেছে। তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 


প্রসঙ্গত, বুধবার আগুন লাগার পর দমকলের পাঁচটি ইঞ্জিন–সহ দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।