আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম পাঁচ মাওবাদী। জেলা পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, কোহকামেটা এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে ডিআরজি, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপির যৌথ দল সেখানে অভিযান চালায়। মহারাষ্ট্রের সীমান্তবর্তী জঙ্গল ঘেরা ওই অঞ্চলে থাকা মাওবাদীরা আচমকাই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় পাঁচ মাওবাদী। এদিকে, রাজ্যের সুকমা জেলার বিভিন্ন এলাকা থেকে নয় মাওবাদীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, ওই জেলাতেই এক মহিলা–সহ দুই মাওবাদী মঙ্গলবার আত্মসমর্পণ করে। তাদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।
Maoist Killed: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম পাঁচ মাওবাদী
















