আজকাল ওয়েবডেস্ক : দিল্লির পরের দিনই রাজকোট। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দরের ছাদের একাংশ। পাকা ছাদ নয়, দিল্লি বিমানবন্দরে যেমন বহিরাংশের ক্যানোপি ধসে পড়েছিল, রাজকোটেও তাই হয়েছে। এই ঘটনা ঘটেছে এয়ারপোর্টের ঠিক বাইরে, যেখানে যাত্রীদের গাড়ি থেকে নামানো হয় এবং গাড়িতে তোলা হয়। সৌভাগ্যবশত এবারের দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ গুজরাতে সক্রিয় থাকবে ঘূর্ণাবর্ত, যার জেরে রাজ্যের বেশ কিছু অংশে ভারী বর্ষণ হবে। এও জানানো হয়েছিল, এই পরিস্থিতি চলবে আগামী পাঁচদিন। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ গুজরাতে হলুদ সতর্কতা জারি হয়।
প্রসঙ্গত, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদ ভেঙে পড়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন চারজন। ক্যানোপির সঙ্গে ধাতব পিলার পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক চারচাকা গাড়ি। দিল্লির ঘটনার জন্যও দায়ী ছিল প্রবল বৃষ্টিপাত।