আজকাল ওয়েবডেস্ক: সংসদে নিট নিয়ে আলোচনা চায় বিরোধীরা। শুক্রবার বিরোধী জোটের প্রস্তাবে কেন্দ্র জানিয়েছে, তারা প্রস্তুত। বৃহস্পতিবারই জানা গিয়েছিল, শুক্রবার সংসদে নিট দুর্নীতি নিয়ে সরব হবে বিরোধী শিবির। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বসা বৈঠকে সিদ্ধান্ত হয় এই বিষয়ে। সেইমতো শুক্রবার সকালে ইন্ডিয়া জোট লোকসভার কক্ষে নিট নিয়ে আলোচনার দাবি জানায়। এনডিএ জোট এই দাবিকে সমর্থন জানিয়ে জানায়, সমস্ত রকম প্রশ্নের উত্তর এবং আলোচনায় প্রস্তুত তারা। কে সি বেণুগোপাল নিট এবং নেট-এর প্রশ্নফাঁস-দুর্নীতি কাণ্ডে আলোচনার জন্য লোকসভায় স্থগিত প্রস্তাব জমা দেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করিয়ে দেন, রাষ্ট্রপতি নিজে এই বিষয়ে সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন। বেলা ১২টা পর্যন্ত মুলতুবি ছিল লোকসভা। অধিবেশন পুনরায় শুরু হলে, অধ্যক্ষ সোমবার পর্যন্ত অধিবেশন মুলতুবি রাখার কথা ঘোষণা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে, সংসদে শাসক-বিরোধী দুই দলেরই শান্তভাবে এই বিষয়ে বিষদ আলোচনা করা প্রয়োজন এবং দেশের পড়ুয়াদের কাছে বার্তা পাঠানো উচিৎ, যে তাঁদের ভবিষ্যত নিয়ে সাংসদরা উদ্বিগ্ন।