আজকাল ওয়েবডেস্ক : যেকোনও কাজ করতে হলে শিক্ষাগত যোগ্যতা সবারই লাগে। তবে নেতা-মন্ত্রীদের বোধহয় সেখানে খানিকটা ছাড় রয়েছে। আর এই কারণেই এবার সকলের হাসির খোরাক হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সাবিত্রী ঠাকুর। মধ্যপ্রদেশে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন সাবিত্রী। সেখানে গিয়ে মোদি সরকারের প্রকল্প বেটি বাঁচাও, বেটি পড়াও লিখতে হয় তাঁকে। কিন্তু এখানেই গোল খেলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি লিখে ফেললেন বেটি পড়াও বাঁচাও। সেখানেও আবার বানান ভুল। নিজের জেতা লোকসভায় মন্ত্রীর এহেন কাজ দেখে হাসির রোল ওঠে। ভাইরাল হয় সেই ভিডিও। খবর নিয়ে জানা গিয়েছে সাবিত্রী ঠাকুর ১২ ক্লাস পর্যন্ত পড়েছেন। তার এহেন কাজে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিষয়টি নিয়ে বিজেপিকে ঠুকতে ছাড়েনি হাত শিবির। কংগ্রেস নেতা কে কে মিশ্রা বলেন, যারা দেশের সংবিধানের অংশ তাঁদের নিজেদের মাতৃভাষাতেই দখল নেই। ভোটে লড়তে হলে শিক্ষাগত যোগ্যতার দিকটিও ভেবে দেখার অনুরোধ জানিয়েছে কংগ্রেস শিবির। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ভুল হতেই পারে কিন্তু কংগ্রেস এটি নিয়ে রাজনীতি না করলেই পারত।















