‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে কাতারে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট অফিসারের রায়ের বিরুদ্ধে আপিল করল ভারত। 
ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত যে রায় দিয়েছে, তা নিয়ে ভারতের আইনি দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। সব আইনগত দিক বিবেচনা করে একটি আবেদন করা হয়েছে। কাতারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সরকার। 
প্রসঙ্গত, কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত ওই আট অফিসার। তাঁদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাতারের উচ্চ আদালতে আবেদন জানানোর নিয়ম রয়েছে। সেই নিয়মেই আবেদন করেছে ভারত সরকার। 
কোনও আবেদন জানানো না হলে নিম্ন আদালতের রায়ই কার্যকর হত। কাতারের রাজার দরবারে সাজাপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে আলাদা করে আবেদন জানানো হয়েছে।
 কাতারের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আটজন কাতারের একটি সাবমেরিন প্রজেক্টে কাজ করতেন। তখনই ইজরায়েলের কাছে তথ্য পাচার শুরু করেন তাঁরা। বিষয়টি ফাঁস হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর চলতি বছরের মার্চে বিচার শুরু হয়। প্রায় আট মাস বিচার প্রক্রিয়া শেষে তাঁদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় কাতারের আদালত।