আজকাল ওয়েবডেস্ক: বুধবার নবান্নর সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, বকেয়া অর্থ আদায়ের দাবিতে এবার বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছে দল। ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় বৈঠক বসবে, এবং সেখান থেকেই আন্দোলনের রূপরেখা ঠিক হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার জানা গেল, ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের কথা মাথায় রেখে পিছিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দলের কর্মিসভা। ১৬ নভেম্বর ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ রয়েছে। ম্যাচের কারণে সর্বস্তরে প্রস্তুতি থাকবে তুঙ্গে। জনসমাগম হবে ব্যাপক হারে। সেই কারণেই পিছিয়ে গেল দলীয় কর্মিসভা। আগামী ২৩ নভেম্বর এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বুধবারের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমাদের তরফ থেকে একশ দিনের কাজের ব্যাপারে একটা আন্দোলন দীর্ঘদিন হয়েছে। দিল্লিতেও হয়েছে। ৭ হাজার কোটি টাকা প্রায় এখনও পাওনা আছে। যাঁরা কাজ করেছেন, দীন-দরিদ্র, গরীবমানুষেরা, তাঁদের টাকা আজও পাওয়া যায়নি।" কেন্দ্রীয় মন্ত্রী বাংলার শাসক দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদদের সঙ্গে দেখা করেননি বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন ১৬ নভেম্বরের বৈঠকে দল ঠিক করবে বৃহত্তর আন্দোলনের রূপরেখা। মুখ্যমন্ত্রী জানান, "আমি পরিস্কার বলছি, যদি একশ দিনের কাজের টাকা দ্রুত না ছাড়া হয়, ১৬ নভেম্বর আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমস্ত পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, গ্রমসভা, জেলা পরিষদ, ব্লক প্রেসিডেন্ট, সাংসদ, বিধায়ক সকলকে নিয়ে মিটিং-এর আহ্বান জানিয়েছি। সেই বৈঠকে সিদ্ধান্ত নেব, একশ দিনের কাজের টাকা দিতে হবে, তা না হলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে। আন্দোলনের রূপরেখা ঠিক হবে।" বৃহস্পতিবার জানা গেল, ১৬ তারিখের পরিবর্তে বৈঠক বসবে ২৩ নভেম্বর।
TMC: ১৬ নভেম্বর ইডেনে বিশ্বকাপ ম্যাচ, পিছিয়ে গেল তৃণমূলের কর্মিসভা
















