আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ফ্রান্স ফুটবল দলের ড্রেসিংরুমে ফিরতে চলেছেন জিনেদিন জিদান। এবার কোচ হিসেবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের পরেই কোচ হিসেবে কার্যকাল শেষ হচ্ছে দিদিয়ের দেঁশর। সূত্রের খবর, এরপরেই ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিতে পারেন জিদান।


এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে জিদানের। ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, ১৪ বছর জাতীয় দলের কোচ থাকার পর আসন্ন বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়বেন দেঁশ। 


ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপে ডায়ালো রবিবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘‌কে দায়িত্ব নিচ্ছে তা জানি।’‌ 


আর জিদানের কোচিং কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল। এর আগে ২০১৬ থেকে ২০১৮ ও ২০১৯ থেকে ২০২১ দু’‌দফায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন জিদান। তাঁর কোচিংয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। দু’বার লা লিগাও জিতেছে। রিয়ালকে উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপও চ্যাম্পিয়ন করেন কোচ জ়িদান।


আর ফুটবলার জিদান দেশকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো কাপ জিতিয়েছিলেন। ১৯৯৮ সালে পেয়েছিলেন ব্যালন ডি’‌অর। ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন তিন বার। 


বর্তমান কোচ দিদিয়ের দেঁশও ফুটবলার হিসেবে দেশকে বিশ্বকাপ দিয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপে তিনিই ছিলেন অধিনায়ক। তাঁর কোচিংয়ে ফ্রান্স বিশ্বকাপও জিতেছে। তবে ২০২২ ফাইনাল হেরে গিয়েছিল। 

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিজয়রথ চলছে। ম্যান সিটিকে উড়িয়ে দল চলে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার মাদ্রিদ ডার্বিতেও এল জয়।


রবিবার রাতে রিয়াল লা লিগায় হারিয়ে দিল প্রতিবেশি অ্যাটলেটিকো মাদ্রিদকে। জোড়া গোল করে দলকে জেতালেন ভিনিসিয়াস। একটি গোল ফেদেরিকো ভালভার্দের। বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে চার পয়েন্ট হয়েছে। এদিকে, মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিওনেল মেসি।


এটা ঘটনা, রবিবার প্রথমার্ধে অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন আদেমোলা লুকম্যান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভিনিসিয়াস এবং ভালভার্দে এগিয়ে দেন রিয়ালকে। অ্যাটলেটিকোর হয়ে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। যদিও শেষ রক্ষা হয়নি। ভিনিসিয়াস আবার গোল করে এগিয়ে দেন রিয়ালকে। সেই ফলই বজায় থাকে। শেষ দিকে আলেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন ভালভার্দে।