আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল আইএসএল ট্রফি জিতেছে। বহুদিন পরে জয় এসেছে, লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে আলো ফিরেছে, লেখা হয়েছে ইতিহাস, তবু এজেজারি ও মিগুয়েল নিজেদের ভবিষ্যৎ জানেন না এখনও।
ইউসেফ এজেজারি আর মিগুয়েল—একজন গোল্ডেন বুট, অন্যজন গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। মিগুয়েল গোটা টুর্নামেন্ট জুড়ে ফুল ফুটিয়ে গিয়েছেন। আর এজেজারি গোলের পর গোল করেছেন।
এই ঔজ্জ্বল্যের মধ্যেও তাঁদের ভবিষ্যৎ এখনও অন্ধকারে বললেও অত্যুক্তি করা হবে না। পরের মরশুমের জন্য চুক্তি হয়নি। ঘুরছে একটাই প্রশ্ন, আগামী মরশুমে তাঁরা কোথায় খেলবেন? কলকাতার বটবৃক্ষ ক্লাবে কি দেখা যাবে দুই তারকাকে? পরের মরশুমে আইএসএলের ভাগ্যই বা কী? এসব প্রশ্ন সঙ্গে নিয়েই শহর কলকাতা ছাড়ছেন মিগুয়েল ও এজেজারি।
লাল-হলুদ গ্যালারির গর্জন, হাততালির ঢেউ, চোখের জল আর হৃদয়ের উষ্ণতা তাঁরা অনুভব করেছেন। এই অচেনা শহর তাঁদের ঘর হয়ে উঠেছে। সেই ঘরে আবার তাঁরা ফিরবেন কিনা সেটাই জানা নেই এখন। অথচ তাঁরা খেলতে চান লাল-হলুদ জার্সি পরেই।
এটাই হয়তো ফুটবলের নির্মম সৌন্দর্য। এখানে ট্রফি জেতা সহজ, কিন্তু ভবিষ্যৎ নয়।
তবু এই শহর, এই গ্যালারি, এই আবেগ—সব মিলিয়ে কোথাও যেন লেখা হয়ে যাচ্ছে এক নীরব লাইন, কিছু খেলোয়াড় শুধু দল বদলান না, তাঁরা শহরের স্মৃতিতেও জায়গা করে নেন।
এজেজারি আর মিগুয়েল শহরের শ্বাসপ্রশ্বাসে জড়িয়ে রয়েছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা আগামী মরশুমে তাঁদের প্রিয় ক্লাবেই দেখতে চান। তবে তাঁরা থাকবেন কি থাকবেন না, তার উত্তর দেবে সময়।















