আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রাইড ম্যাচে উড়ল রেনবো পতাকা। ইরান এবং মিশরের আপত্তি সত্ত্বেও বিশ্বকাপের এক বিশেষ ম্যাচে কোনও বাধা মানা হল না। সিয়াটেলে কোনও বাধা-নিষেধ না মেনেই রেনবো পতাকা উড়ল। যা বিশ্বজুড়ে সমকামী অধিকার এবং বৈচিত্র্যের প্রতীক হিসেবে পরিচিত। ইরান ও মিশর এই ম্যাচকে ঘিরে তীব্র আপত্তি জানিয়ে ফিফার কাছে অভিযোগ করলেও, মাঠে দর্শকরা রঙিন পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন।
ইরান এবং মিশরের ফুটবল কর্তৃপক্ষ দাবি করেছে, এই ধরনের উদ্যোগ সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে। তাঁরা ফিফাকে জানিয়েছে, খেলাধুলার মঞ্চে রাজনৈতিক বা সামাজিক বার্তা তুলে ধরা উচিত নয়। তবে ফিফা এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। সিয়াটেলের দর্শকরা ম্যাচটি উদযাপন করেছেন বৈচিত্র্যভাবে। অনেকেই রেনবো পতাকা হাতে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং ম্যাচ চলাকালীন সেটা উড়িয়ে সমকামিতায় সমর্থন জানান। সামাজিক মাধ্যমে ভক্তরা লিখেছেন, 'খেলাধুলা মানুষের মিলনের জায়গা। তাই এখানে ভালবাসা এবং সমতার বার্তা ছড়িয়ে দেওয়া উচিত।'
ম্যাচ শেষে এক দর্শক বলেন, 'এটা শুধু ফুটবল নয়, এটা মানবাধিকারের লড়াই। আমরা চাই সবাই নিরাপদে এবং স্বাধীনভাবে নিজেদের পরিচয় প্রকাশ করুক।' এই ঘটনায় বিশ্বকাপের আয়োজনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, খেলাধুলা এবং রাজনীতি আলাদা থাকা উচিত। আবার অনেকেই বলছেন, ফুটবল বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে পৌঁছায়। তাই এখানেই সমতার বার্তা সবচেয়ে শক্তিশালীভাবে ছড়ানো সম্ভব।সিয়াটেলের এই ম্যাচ প্রমাণ করল, আপত্তি থাকলেও বৈচিত্র্যের রঙিন পতাকা থামানো যায় না।















